চট্টগ্রামে দুই দিনব্যাপী এসকেএফ তৃতীয় জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব (সিএমসিডিসি) এর আয়োজনে এই বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়।
‘ধমনীতে যুক্তির লাল চঞ্চলতা’ শীর্ষক দু’দিনব্যাপী এ উৎসবে ১২টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ১৪টি বিতার্কিক দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ শাহ আলম বীরউত্তম মিলনায়তনে উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, এনডিএফ-বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েব, চমেক ডিবেটিং ক্লাবের সাহিত্য শাখার উপদেষ্টা ডা. নুর হোসাইন ভূঁইয়া শাহীন, এসকেএফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. মো. মোরশেদ হোসেন প্রমুখ।
উৎসবের প্রথম দিনে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও কুইজ প্রতিযোগিতা, রম্য বিতর্ক, প্রতিযোগী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে।
শুক্রবার মিলনায়তনে উৎসব উদ্বোধনের পূর্বে বিতার্কিক ও মেডিকেল ছাত্রছাত্রীদের অংশগ্রহণের একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহ আলম বীরউত্তম মিলনায়তনে গিয়ে শেষ হয়। -
সূত্র - risingbd.com

