সম্প্রতি স্টেম সেল গবেষণায় বেশ অগ্রগতি হয়েছে। এ গবেষণাতেই রক্তের লোহিত কণিকা সফলভাবে তৈরি করতে পেরেছেন বিজ্ঞানীরা। কৃত্রিমভাবে তৈরি এ রক্ত মানুষের দেহে সঞ্চালনের উপযুক্ত হওয়ায় এর ব্যাপক উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
ফ্যাক্টরিতে কৃত্রিমভাবে রক্ত উৎপাদনের বিষয়টি এখন কেবল সময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পরীক্ষামূলকভাবে রোগীর দেহে কৃত্রিম রক্ত সঞ্চালনে সফলতার পর। এর আগে থ্রিডি প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয় কৃত্রিম হাড়।
যুক্তরাজ্যে এ গবেষণায় একটি প্রকল্পে পাঁচ মিলিয়ন পাউন্ড বরাদ্দ আছে। এ প্রকল্পের প্রধান গবেষক মার্ক টার্নার শরীরে সঞ্চালনের উপযোগী লোহিত রক্তকণিকা তৈরির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রফেসর টার্নার বলেন, ‘এ ধরনের গবেষণা আরো অনেক স্থানে হলেও আমরা প্রথমবারের মতো সঠিক মাণদণ্ড অনুযায়ী নিরাপদ রক্ত তৈরি করতে সক্ষম হয়েছি। এটি মানুষের দেহে সঞ্চালনের উপযোগী।’
আরও পরীক্ষা-নিরীক্ষার পর ২০১৬ সালের শেষে বা ২০১৭ সালের শুরুতে এ গবেষণায় তিনজন রোগীর দেহে কৃত্রিম এ রক্ত সঞ্চালন করা হবে।
এ গবেষণার লক্ষ্য পর্যাপ্ত পরিমাণে নিরাপদ রক্ত রোগীর দেহে সঞ্চালন করা। -
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

