সৈয়দপুরে একশ’ শয্যা হাসপাতালে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি
09 May,13
Posted By: Healthprior21
Viewed#: 117
সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালের কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল সকাল থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। দাবির সমর্থনে তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিলও করেছে। বন্ধ হয়ে গেছে রোগীদের পথ্য, পানি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীরা। তাদের দাবি, হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নইলে অবিরাম কর্মবিরতি। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে নার্স সুপারভাইজার কুসুম রানী ও সিনিয়র স্টাফ নার্স ফৌজিয়া খাতুনকে।
লাঞ্ছিতের শিকার ওই হাসপাতালের কর্মচারী রাশেদুল ইসলাম অভিযোগ করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় সিনিয়র স্টাফ নার্স ফৌজিয়া খাতুনের নির্দেশে তার স্বামী আবদুস সাত্তার আমাকে পানির পাম্প হাউসে ডেকে নিয়ে কোনো অভিযোগ ছাড়াই বেদম মারপিট করে। এ সময় আমার আর্তচিত্কারে অন্য সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে এলে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
মুঠোফোনে অভিযোগ সম্পর্কে ফৌজিয়া খাতুন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে তারা তিলকে তাল করছে। এদিকে নার্স সুপারভাইজার কুসুম রানীর বিরুদ্ধেও কর্মচারীদের লাঞ্ছিতের অভিযোগ করেন হাসপাতালের কর্মী লায়লা, নার্গিস, সাহিদা ও হাসিনা বেগম। কর্মীরা জানান, পান থেকে চুল খসলেই ওই কর্মকর্তা আমাদের লাঞ্ছিত করেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে অভিযুক্ত কুসুম রানী মুঠোফোনে তার প্রতি অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশ সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি সৈয়দপুর ইউনিটের সভাপতি হাফিজুল ইসলাম বাবু জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুব হোসেন মুঠোফোনে জানান, বিষয়টির সুরাহা করতে চেষ্টা চলছে।
Source:http://www.amardeshonline.com/pages/details/2013/05/09/199244#.UYtIhtLRAnI