নিউ ইয়র্ক শহরে স্থূলকায় মানুষের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রাপ্ত বয়স্কদের ৫৮ শতাংশ ও স্কুলের শিক্ষার্থীদের প্রায় ৪০ শতাংশই স্থূলকায়। এর অন্যতম প্রধান কারণ ফাস্ট ফুড এবং মিষ্টি কোমলপানীয়। তাই স্থূলকায় মানুষের সংখ্যা কমাতে নগরীর মেয়র মাইকেল ব্লুমবার্গ নতুন এক পরিকল্পনা করছেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী সিনেমা হল, খেলার মাঠ, রেস্তোরাঁ ও রাস্তার পাশের দোকানগুলোয় পরিমাণে বেশি রয়েছে এমন বোতলজাত কোমল ও মিষ্টিপানীয় বিক্রি করা যাবে না।
ব্লুমবার্গ গত বুধবার তাঁর এ পরিকল্পনার কথা জানান। পরিকল্পনা অনুযায়ী, ১৬ আউন্স বা ৪৭৩ মিলিলিটারের বেশি কোমল মিষ্টিপানীয় রয়েছে এমন বোতল বা কাপ বিক্রি নিষিদ্ধ করা হবে। এ ছাড়া মিষ্টিপানীয়ের প্রতি আট আউন্সে ২৫ ক্যালোরির বেশি এবং দুগ্ধজাত পানীয়তে ৫১ শতাংশের কম পরিমাণ ক্যালোরি রাখতে হবে। তবে মাঝারি ও ছোট আকারের কাপে অথবা বোতলজাত কোমলপানীয় এবং কফি একাধিকবার বিক্রির বিষয়টি কোনো নিয়মের আওতায় আনা হয়নি। ডায়েট সোডা, ফলের জুস, দুগ্ধজাত বা অন্যান্য অ্যালকোহলিক পানীয় বিক্রির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
ব্লুমবার্গ প্রশাসনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একজন মার্কিনি দৈনিক গড়ে ২০০ থেকে ৩০০-এর বেশি ক্যালোরিযুক্ত খাবার খায়। ৩০ বছর আগেও যুক্তরাষ্ট্রে এ অবস্থা ছিল না। এত বেশি পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খাওয়ায় দেশটিতে দ্রুতই স্থূল মানুষের সংখ্যা বাড়ছে। এ অবস্থা সামাল দিতেই এ পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান ব্লুমবার্গ।
আগামী বছর মার্চ থেকে মেয়র তাঁর পরিকল্পনাটি বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''স্থূলতার সমস্যা পুরো দেশব্যাপী। এ সমস্যা সম্পর্কে জনস্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য, 'স্থূলতা আসলেই ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে।' তবে আমরা শুধু কথা নয়, কাজের মধ্যদিয়ে নিউ ইয়র্কবাসীর জন্য কিছু করতে চাই। আমার মতে, একজন মেয়রের কাছ থেকে এটাই তাদের প্রাপ্য।'' ব্লুমবার্গের এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে স্বাস্থ্য বিভাগের অনুমোদন লাগবে। তবে স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেবে বলে তিনি আশা করেন। ব্লুমবার্গ মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকেই জনস্বাস্থ্যের বিষয়টিতে বেশি গুরুত্ব দেন। এ পর্যন্ত তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে ২০০৮ সালে তিনি একটি নিয়ম করেন যে রেস্তোরাঁর খাদ্য তালিকায় থাকা সব খাবারের পাশে ক্যালোরির পরিমাণ উল্লেখ করতে হবে। ২০০৩ সালে পানশালা, রেস্তোরাঁ ও জনসমাগমাস্থলে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

