দিনাজপুরের হাতুড়ে ডাক্তারদের দাপটে হুমকির মুখে জনস্বাস্থ্য
02 May,13
Posted By: Healthprior21
Viewed#: 129
দিনাজপুর জেলার জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে 'হাতুড়ে ডাক্তার'। চিকিত্সা ক্ষেত্রে এ ধরনের চিকিত্সকদের নেই প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ও অভিজ্ঞতা। বরং কোনো চিকিত্সা প্রতিষ্ঠান বা অভিজ্ঞ চিকিত্সকের সংস্পর্শে থেকে হাতুড়ে ডাক্তাররা কিছু চিকিত্সা জ্ঞান অর্জন করে। আর এ সীমিত জ্ঞান দিয়েই তারা নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছেন চিকিত্সা সেবার নামে বাণিজ্য। এতে ভুল চিকিত্সার শিকার হয়ে অনেক রোগীই ঢলে পড়ছে মৃত্যুর কোলে। সরকারি অনুমোদন না থাকলেও এ ধরনের চিকিত্সকরা জেলার গ্রামগঞ্জে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে চিকিত্সা বাণিজ্য। মূলত বেসরকারি চিকিত্সা সেবা আইন না থাকার সুযোগে হাতুড়ে চিকিত্সকরা নিজেদের বিভিন্নভাবে পরিচয় দিয়ে চিকিত্সা কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।
দেশজুড়েই রমরমা চিকিত্সা বাণিজ্য চালিয়ে যাচ্ছে কয়েক লাখ হাতুড়ে চিকিত্সক। যাদের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ও অভিজ্ঞতা নেই। তাদের মাধ্যমে অনেক রোগীই ভুল ও অপচিকিত্সার শিকার হচ্ছে। এসব হাতুড়ে ডাক্তাররা বাণিজ্যের লক্ষ্যে চিকিত্সা শাস্ত্রের নানা ডিগ্রি অর্জনকারী হিসাবে নিজেদের পরিচয় দেয়। আর রোগী ধরার জন্য মাঠে নামান দালাল শ্রেণি। মোটা কমিশনের লোভে দালালরাই হাতুড়ে ডাক্তারদের কাছে রোগী নিয়ে আসে। সরকারি-বেসরকারি হাসপাতালের নার্স, টেকনিশিয়ান, পিয়ন, ম্যানেজার, প্রশাসকও চেম্বার খুলে ডাক্তার সেজে রোগী দেখছে। অংশ নিচ্ছে জটিল অস্ত্রোপচারে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনেক ভুয়া ও হাতুড়ে ডাক্তার ধরা পড়েছে।
Source:http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDVfMDFfMTNfMV8yNV8xXzM3NDM5