এডহক ভিত্তিতে চার হাজার ১২৬টি শূন্যপদে নার্স নিয়োগের জন্য বয়সসীমা বাড়িয়ে নিয়োগবিধি শিথিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এই সিদ্ধান্তের ফলে যাদের বয়স ৩৬ বছর, তারাও নার্স হিসেবে সরকারী চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে চিকিৎসা ক্ষেত্রে নার্সদের ভূমিক অনেক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে প্রতি একজন ডাক্তারের পদের বিপরীতে তিনটি করে নার্সের পদ রয়েছে। কিন্তু বাংলাদেশে সে তুলনায় অনেক কম রয়েছে। নার্স নিয়োগের রীতি অনুযায়ী ব্যাচভিত্তিক মেধা তালিকা অনুযায়ী নিয়োগ দেয়া হয়ে থাকে। এদের কোন নিয়োগ পরীক্ষা নেয়া হয় না। যে কারণে ডিপ্লোমা ডিগ্রী নিয়ে অনেকে বেসরকারী চাকরি করেন। আবার কেউ বা চাকরি নিয়ে বিদেশে পাড়ি জমান। ব্যাচভিত্তিক এই নিয়োগের বিধান থাকায় অনেকেরই সরকারী চাকরির বয়স অতিবাহিত হয়েছে। যে কারণে সরকার তাদের সরকারী চাকরিতে অন্তর্ভুক্তির সুযোগ দিতে তাদের বয়স ৩৬ বছর পর্যন্ত পরিমার্যনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোপূর্বে বিগত আওয়ামী লীগ শাসনামলে একই পরিস্থিতিতে নার্স নিয়োগের ক্ষেত্রে তাদের বয়স দুই বছর পরিমার্যন করে ৩২ বছর পর্যন্ত করা হয়েছিল।
সূত্র জানায়, ব্যাচভিত্তিক এবং মেধা তালিকা মোতাবেক ডিপ্লোমা ডিগ্রীধারী নার্সদের নিয়োগের আগে তাদের কাছে চাহিদাপত্র পাঠানো হবে। চাহিদাপত্র যারা সরকারী চাকরিতে যোগদানে ইচ্ছুক তারা এটি পূরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাম দেবেন। চাহিদাপত্র জমা দেয়ার প্রেক্ষিতে তাদের ঠিকানায় নিয়োগপত্র প্রদান করবে ডিরেক্টর অব নার্সিং সার্ভিসেস (ডিএনএস)।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, ‘সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি থাকায় নিয়োগ বিধি অনুসরণ করে নার্স নিয়োগ সম্ভব হচ্ছে না। এ কারণেই বিধি শিথিলের সিদ্ধান্ত।’ এর আগেও কয়েকবার নিয়োগ বিধি শিথিল করে নার্স নিয়োগ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্প্রতি নার্সদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে।
নিয়ম অনুযায়ী এ পদে এখন পিএসসির মাধ্যমে নিয়োগ দিতে হয়। আর পিএসসির নিয়ম অনুযায়ী সাধারণ প্রার্থীরা ৩০ বছর বয়স পর্যন্ত সরকারী চাকরিতে ঢোকার আবেদন করতে পারেন।
নার্স নিয়োগের ক্ষেত্রে বয়সের বিধি শিখিল করার বিষয়ে পিএসসির অনুমোদন নেয়া হয়েছে বলেও সচিব জানান। তিনি বলেন, সরকারী হাসপাতালগুলোতে নার্স সঙ্কট নিরসনেই এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সঙ্কট নিরসনে ৫ হাজার নার্স নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সূত্র - দৈনিক জনকণ্ঠ

