বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজ বুধবার ঢাকাসহ অন্য মহানগরগুলোতে গণসংযোগ কর্মসূচি পালন করবে। গণসংযোগ চলাকালে ঢাকায় ছয়টি পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাঁচটিতে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, জনগণের জানমালের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১৮ দলীয় জোট এ কর্মসূচি পালন করবে। গত ২৮ নভেম্বর ঢাকায় এক সমাবেশে খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, গাবতলীতে হানিফ পরিবহনের বাস ডিপো-সংলগ্ন এলাকায় সকাল ১০টায় প্রথম পথসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। এই পথসভার মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনও হবে। এরপর রাজধানীতে বেলা ১১টায় কারওয়ান বাজারে, সাড়ে ১২টায় যাত্রাবাড়ীতে, দেড়টায় সবুজবাগে ও আড়াইটায় ভাটারায় পথসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। এ সময় যাত্রাপথে তিনি ধোলাইখাল এলাকায় আয়োজিত পথসভায় শুভেচ্ছা বিনিময় করবেন।
রাজধানী ছাড়া অন্যান্য মহানগরে দিনব্যাপী গণসংযোগে পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় বিএনপি ও ১৮ দলীয় জোটের শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। চট্টগ্রামে গণসংযোগে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সিলেটে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রাজশাহীতে নজরুল ইসলাম খান, রংপুরে মাহবুবুর রহমান, খুলনায় আবদুল মঈন খান ও বরিশালে গয়েশ্বর চন্দ্র রায় গণসংযোগে নেতৃত্ব দেবেন।
খালেদার গণসংযোগের পথ: বিএনপির কার্যালয় থেকে জানা গেছে, গাবতলী পথসভা শেষে কল্যাণপুর পর্যন্ত মিছিল হবে। এর পর থেকে কারওয়ান বাজার পর্যন্ত পথে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থাকায় কোনো মিছিল হবে না। কারওয়ান বাজারের দ্বিতীয় পথসভা শেষ করে খালেদা জিয়া এফডিসির পাশ দিয়ে মগবাজার রেলক্রসিং, রমনা থানা, কাকরাইল মৎস্য ভবন, হাইকোর্ট, কার্জন হল, নগর ভবন, গুলিস্তান, নর্থসাউথ রোড, রায়সাহেব বাজার হয়ে ধোলাইখাল পর্যন্ত শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর দয়াগঞ্জ হয়ে যাত্রবাড়ী শহীদ ফারুক রোডে তৃতীয় পথসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে সায়েদাবাদ হয়ে মুগদা ও বৌদ্ধমন্দিরের ডান দিক থেকে গিয়ে সবুজবাগ বালির মাঠে চতুর্থ পথসভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে রামপুরা-মালিবাগ-বাড্ডা হয়ে ভাটারা গিয়ে শেষ পথসভায় বক্তৃতা করবেন বিরোধীদলীয় নেতা। খালেদা জিয়ার এই পথসভা www.bnplive.com-এই ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র তরিকুল ইসলাম এই কর্মসূচি পালনে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি কর্মসূচির কারণে সম্ভাব্য জনভোগান্তির জন্য জনগণের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছেন।
তরিকুল আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার এ গণসংযোগে জনতার ঢল নামবে এবং গোটা মহানগর সরকারবিরোধী স্লোগানে মুখরিত হবে। তিনি শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য জোটের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে বাধা দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি সরকারকে হুঁশিয়ার করেন।
content aggregation:healthPrior21
source:prothom-alo
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

