ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী হলের একটি কক্ষে আজ সোমবার বিকেলে একসঙ্গে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। পরে সন্ধ্যায় ওই কক্ষের তালা ভেঙে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করে পুলিশ।
ফজলে রাব্বী হলের দ্বিতীয় তলার কক্ষটি ছাত্রদলের ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খানের নামে বরাদ্দ।
পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুস সালাম ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ফজলে রাব্বী হলের প্রধান ভবনের দ্বিতীয় তলার ১৩৩ নম্বর কক্ষ থেকে হঠাত্ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর পরপরই কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। তালা ভেঙে ভেতরে ঢুকে হাতবোমা বিস্ফোরণের আলামত পাওয়া যায়। একই সঙ্গে কক্ষটি থেকে ককটেল বানানোর সরঞ্জাম ও একটি চশমার বাক্সে রাখা ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, বিকেলে পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ হয়। তিনি জানান, একটি ব্যাগের মধ্যে রাখা বোমাগুলো বিস্ফোরিত হয়।
হলের ছাত্ররা জানান, কক্ষটি মাহমুদুল হাসানের নামে বরাদ্দ হলেও তিনি সেখানে থাকতেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়দানকারী রাশেদুল ইসলাম খানসহ আরও কয়েকজন বহিরাগত ওই কক্ষে থাকতেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা অপসারণকারী দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, ‘ওই কক্ষে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আরও কিছু পাথরকুচি, সালফারজাতীয় রাসায়নিক ও জর্দার খালি কৌটা উদ্ধার করা হয়েছে। কক্ষটিতে বোমা তৈরি হতো বলেই মনে হচ্ছে।’
সূত্র ঃ প্রথম আলো

