ডান হাত ও পায়ে আঘাত বেশি
11 May,13
Posted By: Healthprior21
Viewed#: 149
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ডান হাত ও পায়ে আঘাতপ্রাপ্তদের সংখ্যা বাঁ হাত ও পায়ে আঘাতপ্রাপ্তদের চেয়ে বেশি। জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ডান হাত বা পায়ে বেশি আঘাত পাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে দেশের চিকিৎসকদের মধ্যে দুই মত পাওয়া গেছে। তবে ভারতের একটি গবেষণা বলছে, ডান হাতের ব্যবহার বেশি বলে এর আঘাত পাওয়ার পরিমাণও বেশি।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, “বিষয়টি কাকতালমাত্র। ডান হাত বা পায়ে আঘাত বেশি পাওয়ার কোনো বৈজ্ঞানিক কারণ নেই।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন হরিদাস সাহা বলেন, প্রকৃতিগতভাবে অধিকাংশ মানুষের ডান হাত ও পা তুলনামূলকভাবে বাঁ হাত ও পায়ের চেয়ে বেশি সক্রিয়। যেকোনো প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় ডান হাত ও পা দ্রুত সচল হয়। সম্ভবত এ কারণেই দুর্ঘটনার সময় ডান হাত ও পায়ে আঘাত পাওয়ার প্রবণতা বেশি।
পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ১০৩ জন রোগীর মধ্যে ৩২ জনের ডান পায়ের আঘাত গুরুতর। এই ৩২ জনের মধ্যে সাতজনের ডান হাতেও গুরুতর আঘাত রয়েছে। এ ছাড়া, আরও ১৩ জন ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন।
অন্যদিকে, ১০৩ জনের মধ্যে ২৬ জনের বাঁ পায়ের আঘাত গুরুতর। এই ২৬ জনের মধ্যে চারজনের বাঁ হাতেও গুরুতর আঘাত রয়েছে। এদের ছাড়া আরও ছয়জনের বাঁ হাতের আঘাত গুরুতর। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন দুই পায়েই আঘাত পেয়েছেন।
রানা প্লাজা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ভর্তি হন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। ৩ মে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুর রহমানের দেওয়া তথ্যে দেখা যায়, ১৪১ জন চিকিত্সাধীন ব্যক্তির মধ্যে ডান হাত বা পায়ে গুরুতর আঘাত রয়েছে ২৭ জনের। বাঁ হাত ও পায়ে আঘাত পাওয়া ব্যক্তির সংখ্যা ৯।
পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন শেরপুরের লিখন মিয়া (১৯) রানা প্লাজার পঞ্চম তলায় একটি পোশাক কারখানায় আয়রনম্যানের কাজ করতেন। দুর্ঘটনায় তিনি বাঁ পায়ে আঘাত পেয়েছেন। গত শনিবার তিনি প্রথম আলো ডটকমকে বলেন, বাঁ হাত দিয়ে কাজ করতে তিনি বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। ধান কাটা, গাছ কাটার কাজে তিনি বাঁ হাতই ব্যবহার করতেন।
একই হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম (৩০)। তিনি আঘাত পেয়েছেন বাঁ হাত ও পায়ে। তিনি সব সময় ডান হাতেই কাজ করতেন বলে জানান।
তবে ভারতের পুনার কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্রের (আর্টিফিশিয়াল লিম্ব সেন্টার) এক গবেষণায় (রেট্রোস্পেকটিভ স্টাডি অব ১৪.৪০০ সিভিলিয়ান ডিসঅ্যাবেল্ড ট্রিটেড ওভার ২৫ ইয়ারস অ্যাট অ্যান আর্টিফিশিয়াল লিম্ব সেন্টার) দেখা গেছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিত্সায় বাঁ হাতের চেয়ে ডান হাত দেড় গুণ বেশি কেটে ফেলার দরকার হয়। ১৪ হাজার ৪০০ রোগীকে নিয়ে ওই গবেষণায় দেখা গেছে, ওই কেন্দ্রে ২৫ বছরে দুই হাজার ৩৮২ জনের ডান হাত কাটতে হয়েছে। একই সময়ে বাঁ হাতের ক্ষেত্রে এ সংখ্যা এক হাজার ৬৬২। কারণ হিসেবে বলা হচ্ছে, যেকোনো কাজে ডান হাতের ব্যবহার বাঁ হাতের চেয়ে বেশি।
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-11/news/351429