১০ শয্যার হাসপাতাল স্থাপনের আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
২৮ এপ্রিল, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 131
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামে অবস্থিত ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত কমিউনিটি ক্লিনিকটি গত শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বিকেল পাঁচটার দিকে ক্লিনিকের সামনে মসজিদ চত্বরে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘মাত্র ১৩ মাসে প্রত্যন্ত এলাকার এই ক্লিনিকে (ভোগতেরা কমিউনিটি ক্লিনিক) ২১৮ জন নবজাতকের স্বাভাবিক প্রসব হয়েছে। এটা কমিউনিটি ক্লিনিকের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে এই ক্লিনিকটি সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে শীর্ষে আছে। কথা দিচ্ছি, সরকারি অর্থে এখানে ১০ শয্যার হাসপাতাল স্থাপন করে দেব।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল ইসলাম। এ ছাড়া সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. কামরুল হাসান, সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিবুন খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সারোয়ার হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম।
স্বাস্থ্য বিভাগ ও কমিউনিটি ক্লিনিক সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ইউএনএফপিএ অর্থায়নে ঠাকুরগাঁও, নড়াইল, জামালপুর ও মৌলভীবাজারে সদর হাসপাতাল, মাতৃমঙ্গল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক কর্মসূচি শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ভোগতেরা কমিউনিটি ক্লিনিকেও কার্যক্রমটি শুরু হয়।
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-28/news/348314