শিশুর পুষ্টির ৩৩% কৃমির পেটে!
25 April,13
Posted By: Healthprior21
Viewed#: 33
বাংলাদেশের শিশুদের যেসব পরজীবী সংক্রমণ হয়ে থাকে তার মধ্যে প্রধানতম হচ্ছে গোলকৃমি সংক্রমণ। বিশ্বে অন্তত ২৫ শতাংশ শিশু এই কৃমির সংক্রমণে ভুগছে। আর বাংলাদেশে এই সংক্রমণের হার ক্ষেত্রবিশেষে ৬৪ থেকে ৯৫ শতাংশ। আশ্চর্যের ব্যাপার যে গ্রামের চেয়ে শহর অঞ্চলে সংক্রমণের হার বেশি। গ্রামাঞ্চলে সংক্রমণের হার ৮৬ শতাংশ আর শহরে ৮১ শতাংশ। গোলকৃমির পরই হুকওয়ার্ম বাংলাদেশে বেশি হয়ে থাকে।
কৃমি সংক্রমণ বাংলাদেশে শিশুদের অপুষ্টি ও রক্তশূন্যতার একটি প্রধান কারণ। বলা হয় যে শিশুর প্রতিদিনের পুষ্টির এক-তৃতীয়াংশই বা প্রায় ৩৩ শতাংশ সাবাড় করে দেয় এই কৃমি। একটি হুকওয়ার্ম প্রতিদিন শিশুর অন্ত্র থেকে ০.১ মিলিলিটার রক্ত শুষে নিতে পারে। এ ছাড়া কৃমির কারণে শিশুর ওজন হ্রাস, কাশি, চুলকানি কখনো অন্ত্রে বা পিত্তনালিতে কৃমি আটকে গিয়ে প্রচণ্ড পেট ব্যথা ইত্যাদিও হতে পারে।
কেবল শিশুদের নয়, বড়দেরও এই সংক্রমণ ব্যাপকহারে হয়ে থাকে। কৃমির সংক্রমণ থেকে রেহাই পেতে দরকার স্বাস্থ্যসচেতনতা ও পরিচ্ছন্নতাবোধ। শৌচাগার ব্যবহারের পরে ও খাদ্য গ্রহণের আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, বিশুদ্ধ ও পরিষ্কার খাবার পানি পান করা, শাকসবজি, ফলমূল বা তাজা জিনিস খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেওয়া, খালি পায়ে নোংরা জায়গায় না হাঁটা, শিশুদের নখ নিয়মিত কেটে পরিচ্ছন্ন রাখা ইত্যাদি সচেতনতার মাধ্যমেই কেবল এই সংক্রমণ প্রতিরোধ করা যায়।
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-25/news/347493