
হূদেরাগ বিশেষজ্ঞরা একসময় ঘোষণা দিয়েছিলেন—হূদিপণ্ড ভালো রাখতে হলে প্রতিদিন অন্তত পাঁচটি ফল খেতে হবে। কিন্তু আপনি কি প্রতিদিন একটিও আস্ত ফল খেয়ে থাকেন? নিয়মিত ফল খেলে শরীর সুস্থ থাকে, রোগ-বালাই থেকে মুক্তি মেলে।
ফলমূলে যে এন্টি-অক্সিডেন্ট রয়েছে তা আপনার শরীরের প্রতিদিনের ক্ষয়ে যাওয়াকে রোধ করতে সাহায্য করে। বুড়িয়ে যাওয়া, স্মৃতিশক্তি ক্ষয়ে যাওয়া এবং দেহের ক্ষয়িষ্ণু কোষগুলোকে তাজা রাখতে এন্টি-অক্সিডেন্ট দরকার।
ভিটামিন সি-যুক্ত ফল রোগ প্রতিরোধে সাহায্য করে। সর্দি, কাশি, ডায়রিয়া দ্রুত সারাতে সাহায্য করে। কাটা, ছেঁড়া বা ঘা শুকাতে কাজে আসে এই ভিটামিন সি। তাই প্রতিদিনের খাবার টেবিলে লেবু, কমলালেবু, মাল্টা বা জাম্বুরাজাতীয় ফল থাকা অবশ্যই দরকার।
যারা খাদ্য নিয়ন্ত্রণ করে থাকেন, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদেরাগী ও ওজনাধিক্যে আক্রান্ত রোগীরা—তাঁদের প্রায়ই ভিটামিনের অভাবজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। মুখে ও ঠোঁটের কোণে ঘা হয়, জিভে জ্বালা করে, চুল পড়ে যায় বা ত্বক খসখসে হয়ে যায়। এ থেকে রেহাই পেতে হলে প্রতিদিন তাঁদের একটি কী দুটি ফল খেতে হবে। ফল খেলে ওজন বাড়ে না বা এতে কোনো চর্বি নেই।
আঁশযুক্ত ফল যেমন আম, কমলালেবু, সফেদা, বেল বা পেঁপে ইত্যাদি কোষ্ঠকাঠিন্য দূর করবে, পেট ভালো রাখবে এবং হজমের গোলমাল দূর করে।
ফরমালিন এড়াতে দেশি ফল যেমন পেয়ারা, আমড়া, লটকন, জাম্বুরা, জলপাই, বরই ইত্যাদি বেছে নিন। বিদেশি ফলের চেয়ে এতে উপকার বেশি বৈ, কম নয়।
আজ থেকে খাবার টেবিলে, বাচ্চাদের টিফিনে, অফিসে দিনের মাঝখানে স্ন্যাকসে বা ডিনারের পর ডেজার্টে যতটা সম্ভব ফলমূল রাখতে চেষ্টা করুন।
content aggregation:healthPrior21
source:prothom-alo.
http://www.prothom-alo.com/detail/date/2013-01-20/news/322915

